রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেছে ৪১৭ জনের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৭:৪৯ পূর্বাহ্ণ

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৭২ জন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, একইসময়ে রেলপথ দুর্ঘটনায় ৫১ জন এবং নৌপথ দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সারাদেশে ৪৯৬ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে পুলিশ সদস্য দুইজন, বিজিবি সদস্য একজন, সেনাবাহিনীর একজন, নৌবাহিনীর একজন, চিকিৎসক দুইজন, বীর মুক্তিযোদ্ধা তিনজন, সাংবাদিক দুইজন, বিভিন্ন পরিবহনের চালক ১০৭ জন, পথচারী ৫৮ জন, নারী ৪৩ জন, শিশু ৩৪ জন, শিক্ষার্থী ২৮ জন, পরিবহন শ্রমিক ১২ জন, শিক্ষক আটজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাতজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেপ্টেম্বরে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে। এ বিভাগে ১১৪টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণ হিসেবে সংস্থাটি ট্রাফিক আইনের অপপ্রয়োগ, ট্রাফিক বিভাগের অনিয়ম ও দুর্নীতি, মহাসড়কে অবাধে যানবাহন চলাচল, সড়কে বাতি না থাকা, বর্ষায় সড়কে গর্তের সৃষ্টি, যানবাহনের ত্রুটি, উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়াভাবে যানবাহন চালানোকে দায়ি করেছে।

প্রতিবেদনটি দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD