সামুদ্রিক খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কেন এতদিন সম্ভাবনা কাজে লাগানো যায়নি, তা নিয়ে আর ভাবার সময় নেই; এখন বাস্তবে এ খাতকে এগিয়ে নিতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং বৈশ্বিক বাণিজ্যে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বর্তমান সরকার সামুদ্রিক অর্থনীতি বা ব্লু ইকোনমির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নৌপরিবহনমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের আমলে দেশের সামুদ্রিক ও বন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ খাতের উন্নয়নে নানা অনিয়ম ও স্থবিরতা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থে এই খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দীর্ঘমেয়াদী সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
অনুষ্ঠানে দেশের সমুদ্র অর্থনীতিকে এগিয়ে নিতে বিভিন্ন নীতিনির্ধারক, গবেষক এবং খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মনে করেন, সমুদ্র সম্পদের সঠিক সদ্ব্যবহার নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিতে এটি একটি বিশাল বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সরকার দেশের যুবসমাজকে এই খাতের সাথে সম্পৃক্ত করতে বিভিন্ন যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচিও হাতে নিয়েছে, যা আগামী দিনে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরববাংলা টিভি/ডেস্ক