শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সাতক্ষীরায় বিরোধ মেটাতে গিয়ে কলেজছাত্র খুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরায় এক চায়ের দোকানদারের সঙ্গে বখাটে ও সন্ত্রাসীদের বিরোধ মেটাতে গিয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিস মোড়ে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহত জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার ব্যবসায়ী ও রুচিরা বেকারির মালিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শহরের প্রাণিসম্পদ অফিস মোড়ে একটি চায়ের দোকানে স্থানীয় কিছু বখাটে যুবকের সঙ্গে দোকানদারের কথা কাটাকাটি ও বিরোধ বাধে। পরিস্থিতি শান্ত করতে এবং বিরোধ মিটিয়ে ফেলতে এগিয়ে যান কলেজছাত্র জাকারিয়া খান। কিন্তু সন্ত্রাসীরা তার কোনো কথা না শুনে উল্টো তার ওপর চড়াও হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা জাকারিয়ার বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও নিহতের পরিবার। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে জোর অভিযান চলছে এবং খুব শীঘ্রই তাদের আইনের মুখোমুখি করা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD