গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এক হতদরিদ্র কৃষকের পাকা ধানক্ষেতে শত্রুতা করে বিষাক্ত স্প্রে করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় দেড় বিঘা জমির সম্পূর্ণ ধানগাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষক ও জমির মালিক আনিছুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, বুধবার সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখতে পান তার ঘাম ঝরানো পরিশ্রমের খেতের ধানগাছগুলো হঠাৎ শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। বাতাসে রাসায়নিক বিষের তীব্র গন্ধ ছড়াচ্ছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে এই জঘন্য কাজ করেছে বলে তার ধারণা। এতে তার প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
এই অপকর্মের প্রতিকার চেয়ে বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সচেতন মহল ও কৃষকরা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত কুচক্রী মহলকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার পুলিশ প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক