মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো একটি ঘরও অন্য কাউকে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। ইতোমধ্যে যারা এসব বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া দিয়েছেন, তাদের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে সরকার।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কোটার অপব্যবহার রোধে এবং আবাসন নীতি শৃঙ্খলাবদ্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবৈধভাবে বসবাসকারী সকল ভাড়াটিয়াকে সরকারি বাসা থেকে অপসারণ নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সরকারি আবাসন বরাদ্দে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে।
এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি নির্দেশ অমান্য করে কেউ সাবলেট বা অবৈধ ভাড়াটিয়া রাখলে তাদের বরাদ্দ তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। সাধারণ কর্মচারীদের আবাসন সংকট নিরসনে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি