দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। কাস্টমস ও বন্দর-সংশ্লিষ্ট একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, আমদানিকারকদের হয়রানি এবং শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাসের অভিযোগ দীর্ঘদিনের। চলতি বছরের অক্টোবর মাসে এই স্থলবন্দরে লক্ষ্যমাত্রার বিপরীতে ২৭২ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু চক্রের যোগসাজশে দুর্নীতি ও অনিয়মের মাত্রা বেড়ে যাওয়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে।
বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও সঠিক তদারকির অভাবে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব হারাচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে গড়ে ওঠা সিন্ডিকেটগুলো এখনো নানাভাবে বন্দরে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, যার নেতিবাচক প্রভাব এখনও দেশের অর্থনীতিতে পড়ছে।
এদিকে দেশের অর্থনীতিকে গতিশীল করতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয় বাড়াতে অবিলম্বে বেনাপোল কাস্টমসে কঠোর মনিটরিং চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, কাস্টমসের সেবামূলক কার্যক্রম উন্নত না হলে এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিলে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা কাটবে না। বর্তমান পরিস্থিতিতে বন্দর ব্যবহারকারী সব পক্ষকে নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি