শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শৈলকূপায় বিএনপির সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

সামাজিক আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দোকানপাটসহ ৬টি বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে। শনিবার সকালে বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে শিশুসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুট করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনার সাথে জড়িত মূল উস্কানিদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD