রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি ইউরেনিয়াম রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে একটি বিশেষ জ্বালানিবাহী কার্গো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কঠোর গোপনীয়তা ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এই ইউরেনিয়াম চালান ঢাকায় এসে পৌঁছায়।
পরবর্তীতে শনিবার ভোরে সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এই তেজস্ক্রিয় জ্বালানি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্ধারিত গুদামে পৌঁছে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ সংক্রান্ত চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে রাশিয়া।
দেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ খাতের উন্নয়নে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। এক প্রতিক্রিয়ায় জ্বালানি বিশেষজ্ঞরা সাংবাদিকদের বলেন, এই ইউরেনিয়াম আমদানির মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক ক্লাবের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়েছিল। তবে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রতিটি জাতীয় প্রকল্পের স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। দেশের এই মেগা প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক