গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। রাত ১২টা নাগাদ রেললাইন মেরামত সম্পন্ন হতে পারে।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। পাশাপাশি তিনশ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এসব স্থানে নতুন করে রেলের পাত বসানো হচ্ছে। ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, আমরা আশা করছি রাত ১২টার মধ্যে পুরো রেললাইন মেরামত করে ট্রেন চলাচল চালু করতে পারব।
এদিকে এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ভোর ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছু দূর যাওয়ার পর পরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়।