ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গের পর দলের শীর্ষ দায়িত্বে প্রিয়াঙ্কা গান্ধী আসছেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে। প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের উত্তরসূরি হিসেবে গান্ধী পরিবারের এই সদস্যের নাম নিয়ে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ লক্ষ্য করা যাচ্ছে।
কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, দলের নীতি নির্ধারণী এবং সাংগঠনিক কাঠামোগুলোতে তরুণ ও গতিশীল নেতৃত্ব আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ এই সম্ভাব্য পরিবর্তন। দলীয় সূত্রে আরও প্রকাশ পেয়েছে যে, আগামী দিনের নির্বাচনী লড়াই এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রিয়াঙ্কা গান্ধীর মতো আকর্ষণীয় ও সক্রিয় নেত্রীকে দলের সর্বময় কর্তৃত্বে দেখতে চান তৃণমূল স্তরের বহু নেতাকর্মী।
বিশ্লেষকদের মতে, স্বৈরাচারী শেখ হাসিনার পলায়ন ও প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পটপরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূরাজনীতিতে গণতান্ত্রিক শক্তির ভূমিকা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়েছে। এমন এক সময়ে ভারতের প্রধান বিরোধী দলের শীর্ষ নেতৃত্বে প্রিয়াঙ্কা গান্ধীর সম্ভাব্য অভিষেক কংগ্রেসকে আরও বেশি জনমুখী ও প্রতিবাদী করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও এ বিষয়ে দলটির আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি, তবে দলের নীতিনির্ধারক মহলে এই আলোচনা এখন আর গোপন নেই।
আরববাংলা টিভি