সংস্কার ও উন্নয়ন কাজে ধীরগতির কারণে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার তীব্র প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘ দিন ধরে সড়কটির বেহাল দশা চলতে থাকলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই অচলাবস্থা নিরসন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার তেতুলিয়া বাজারে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওরপারের অন্তত ১০টি গ্রামের কয়েক শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, তেতুলিয়া-গাগলাজুর সড়কটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে এটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং জরুরি প্রয়োজনে রোগীলক্ষ্মী ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংস্কারের কাজ কচ্ছপ গতিতে চলায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্টজনেরা গণমাধ্যমকে জানান, অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ শেষ করা না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। দ্রুততম সময়ের মধ্যে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলার জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক