মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযানে তিনটি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অনুমোদিত পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়।
অভিবাসন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জোহর রাজ্যের বিভিন্ন শিল্প এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীরা কাজ করে আসছিল বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। এরই ভিত্তিতে গত কয়েক দিনে অভিযানগুলো পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং নেপালের নাগরিকরা রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর জোহর রাজ্যের অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি, অবৈধ কর্মী নিয়োগের দায়ে কারখানাগুলোর মালিকদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক