কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদী শক্তির যে কোনো ধরনের চক্রান্ত প্রতিহত করতে এই কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ। মিছিলটি কামরাঙ্গীরচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, অতীতে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে এদেশ থেকে বিদূরিত করা হয়েছে। কিন্তু তাদের দোসররা এখনো দেশের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সাধারণ জনতা ও উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম ও দেশবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে তৌহিদী জনতা সদা প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। গণমাধ্যমকে জানান, জনগণের অধিকার রক্ষায় এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আন্দোলন ও প্রতিরোধ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি