সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১:৫৮ pm

বাংলাদেশের বিপক্ষে ঢাকায় আগামী ৬ অক্টোবর ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় আসিয়ান টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। একে তো জামাল-হামজাদের ক্লান্তি, অন্যদিকে ব্রাজিল ম্যাচ আয়োজনে বাফুফেকে গুণতে হবে কয়েক কোটি টাকা। তাই এই ম্যাচ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির মতে আসিয়ান কাপকেই বেশি গুরুত্ব দেয়া উচিত। তিনি বলেন, ‘ব্রাজিলের বিষয়টি মাত্র আলোচনায়। এখানে অর্থের অনেক বড় ব্যাপার রয়েছে। এরপরও ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ খেলতে পারলে সেটি বড় অভিজ্ঞতা হবে। আমার মতে, আসিয়ান কাপকেই বেশি গুরুত্ব দেয়া উচিত। এরপর যদি ব্রাজিলের সঙ্গে খেলা সম্ভব হলে ভালো।’

দেশের অন্যতম ফুটবল বিশ্লেষক মারুফুল হক বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ দেখছেন ঐচ্ছিক হিসেবে। তার দৃষ্টিতে, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ভালো। মূল মনোযোগ ও প্রস্তুতি থাকা দরকার আসিয়ানে। সেই প্রস্তুতি দিয়েই ব্রাজিলের সঙ্গে খেলা যাবে।’

আসিয়ানে বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। এরপরও আরেকটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। চার ম্যাচ খেলার পর ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আদৌ খেলা সম্ভব হবে কিনা জামালদের এমন প্রশ্নে মারুফের উত্তর, ‘এটা নির্ভর করবে কোচের পরিকল্পনার ওপর। তিনি কিভাবে ফুটবলারদের লোড ম্যানেজম্যান্ট করবেন। ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে খুব দূরে নয়। ফলে ৩ তারিখ খেলা শেষ করে ৬ অক্টোবর খেলা সম্ভব, কঠিন নয়। ব্রাজিলের সঙ্গে খেলায় বাংলাদেশের তো আর বাড়তি চাপ বা প্রত্যাশাও থাকবে না।’

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচ আয়োজনে বাফুফেকে কয়েক কোটি টাকা ঋণ করতে হয়েছিল। সেটা এখনও শোধ হয়নি। বাফুফেতে এমনিতেই আর্থিক সংকট। হামজা আসার পর ফুটবলে স্পন্সর আসলেও ব্রাজিল ম্যাচ আয়োজনে কমপক্ষে কয়েক কোটি টাকা প্রয়োজন হতে পারে। সেটা স্পন্সর কিংবা সরকারি সহায়তায় পূরণ না হলে ফেডারেশনের উপরই বাড়তি চাপ দেখছেন সাবেক অধিনায়ক এমিলি।

এ বিষয়ে তিনি বলেন, ‘ব্রাজিলের মতো বিশ্বচ্যাম্পিয়ন দল এলে সেটার সাংগঠনিক প্রস্ততি অনেক দিনের প্রয়োজন। আর্জেন্টিনার আসার সময় আমরা দেখেছি কয়েক মাস আগে থেকেই নানা ব্যবস্থাপনা ছিল। এখন দেড় মাসেরও কম সময় এত কিছু করা কঠিনই। আমাদের ঘরোয়া ফুটবল ও অন্যান্য অনেক সমস্যাও রয়েছে। এই ম্যাচ আয়োজনে অতিরিক্ত মনোযোগে সেগুলো আরও উপেক্ষিত থাকার শঙ্কা থাকবে।’

বাংলাদেশের ফুটবলে হাজারও সমস্যা। বিশেষ করে মৌলিক সমস্যার সমাধান এবং ফুটবল উন্নয়নের প্রকৃত রোডম্যাপ নেই ফেডারেশনের। সেখানে ব্রাজিলের মতো দল এনে খেলা রীতিমতো বিলাসিতা মনে করা কয়েকজন সাবেক ফুটবলার এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

বাংলাদেশে ব্রাজিলের কোটি কোটি সমর্থক। ব্রাজিলের পর বাংলাদেশেই ব্রাজিলের সবচেয়ে বেশি সমর্থক এটা ব্রাজিলিয়ান ফুটবলাররাও স্বীকার করেন। এরপরও ব্রাজিল দল বাংলাদেশে খেলতে হলে অনেক অর্থই নেবে। ব্রাজিলের বিপক্ষে কাড়ি কাড়ি অর্থ ব্যয় করে বাংলাদেশ একটি ম্যাচ খেললে কিংবা সমর্থকরা একদিন উন্মাদনায় মাতলে দেশের ফুটবলের আদৌ উন্নয়ন হবে না বলে ধারণা ফুটবলসংশ্লিষ্টদের।

এর বিপরীতেও আবার অনেকের মন্তব্য, পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নের সঙ্গে খেলার সুযোগ সব সময় আসে না, তাও আবার দেশের মাটিতে। তাই বাফুফেকে খুব ভেবে-চিন্তে বাস্তবিক সিদ্ধান্ত নেয়ার পক্ষেই মতামত ফুটবলসংশ্লিষ্টদের।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD