শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বিশ্বের প্রাচীন ১০ মসজিদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬ ১০:২২ am

মসজিদ আল্লাহর ঘর। মুমিনের সিজদার জায়গা। ইসলামী সভ্যতা ও জীবনধারার প্রাণকেন্দ্র। মসজিদের সঙ্গে জড়িয়ে আছে মুমিনের আবেগ, ভালোবাসা ও গভীর অনুরাগ। মসজিদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং মসজিদের সঙ্গে সবসময় যার যার মন জুড়ে থাকে তার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসে।

মদিনায় হিজরতের পর রাসুল (সা.) সবার আগে মসজিদ নির্মাণ করেছিলেন। এই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে প্রাচীন অনেক মসজিদ নির্মাণ হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এই মসজিদগুলো। বিশ্বের প্রাচীন ও পুরোনো মসজিদ নিয়ে মুসলিমদের আগ্রহ ও কৌতূহল কম নয়। যুগের পর যুগ দাঁড়িয়ে থাকা এসব মসজিদ আজও বহন করে চলেছে ঈমান, ইতিহাস ও সভ্যতার আলো। এখানে বিশ্বের ১০টি প্রাচীন ও ঐতিহ্যবাহী মসজিদ সম্পর্কে তুলে ধরা হলো—

১. মসজিদুল হারাম

মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম মসজিদ। পবিত্র কাবা শরীফকে ঘিরে এই মসজিদ নির্মিত। হজরত আদম (আ.) আল্লাহর নির্দেশে কাবা ঘর প্রথম নির্মাণ করেন। এরপর নূহ (আ.)-এর আমলের প্লাবনের পর কাবার মূল ভিত্তি হারিয়ে যায়। পরবর্তীতে আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইল (আ.) কাবা শরীফ পুনরায় নির্মাণ করেন।

২. মসজিদুল আকসা

মসজিদুল হারামের প্রায় চল্লিশ বছর পরে নির্মিত হয় মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত মসজিদুল আকসা বা আল আকসা মসজিদ। এটি তৃতীয় সর্বোচ্চ ফজিলত ও মর্যাদাপূর্ণ মসজিদ।

৩. কুবা মসজিদ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় পৌঁছানোর পর ৬২২ খ্রিস্টাব্দে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এই মসজিদ ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ হিসেবে পরিচিত।

৪. মসজিদে নববী

মদিনায় অবস্থিত এই মসজিদ ৬২২ খ্রিস্টাব্দে নির্মাণ করেন মহানবী (সা.)। মসজিদে কুবার কয়েক মাস পরে প্রতিষ্ঠিত হয় মসজিদে নববী। ফজিলত ও মর্যাদায় এটি দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ।

৫. মসজিদে কিবলাতাইন

৬২৩ খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদ ‘দুই কিবলার মসজিদ’ নামে পরিচিত। এই মসজিদে নামাজ আদায়ের সময় মহানবী (সা.) ওহী লাভ করেন যে, নামাজের কিবলা জেরুজালেম থেকে মক্কায় পরিবর্তন করা হবে।

৬. হুয়াইশেং মসজিদ

চীনের এই প্রাচীন মসজিদটি নির্মিত হয় প্রায় ৬২৭ খ্রিস্টাব্দে। কথিত আছে, মহানবীর চাচা সাহাবি হজরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) এটি নির্মাণ করেন। তিনি ৬২০-এর দশকে চীনে পাঠানো প্রথম মুসলিম প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

৭. জাওয়াছা মসজিদ

৬২৮ খ্রিস্টাব্দে সৌদি আরবের আল-আহসায় এই মসজিদ নির্মাণ করে আবদুল কায়েস গোত্র। পরবর্তীতে মসজিদটি অনেকবার সংস্কার করা হয়েছে।

৮. চেরামান জুমা মসজিদ

৬২৯ খ্রিস্টাব্দে নির্মিত হয় ভারতের প্রথম মসজিদ হিসেবে পরিচিত এই মসজিদ। সাহাবি হজরত মালিক ইবনে দিনার (রা.) এই মসজিদ নির্মাণ করেন বলে প্রচলিত রয়েছে।

৯. পালাইয়া জুমা মসজিদ

ভারতের তামিলনাড়ুর কিলাকারাই শহরে অবস্থিত এই মসজিদ ৬৩০ খ্রিস্টাব্দে নির্মিত হয়। ইয়েমেনের গভর্নর বাজান ইবনে সাসানের নির্দেশে ইয়েমেনি ব্যবসায়ীরা মসজিদটি তৈরি করেছিলেন।

১০. কাইরোয়ান গ্রেট মসজিদ

তিউনিসিয়ার কাইরোয়ানে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদ ‘উকবা মসজিদ’ নামেও পরিচিত। মহান সেনাপতি হজরত উকবা ইবনে নাফি (রা.) ৬৭০ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। উত্তর আফ্রিকায় ইসলামী সভ্যতার একটি বড় নিদর্শন এই মসজিদ।

ঐতিহাসিক এই মসজিদগুলোর সঙ্গে মিশে আছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের ঘ্রাণ। মসজিদগুলো ইসলামের বিস্তার, জ্ঞানচর্চা, সংস্কৃতি ও মুসলিম সভ্যতা উত্থানের জীবন্ত সাক্ষী । আধ্যাত্মিক অনুভূতির পাশাপাশি ইতিহাস, শেকড় ও আত্মার টান অনুভব করতে এসব মসজিদে ছুটে যান ধর্মপ্রাণ মুসলিমরা।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD