হামাসের গোয়েন্দা বিভাগের উপপ্রধান শাদি বারোদ ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান বাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হামাসের গোয়েন্দা বিভাগের উপপ্রধান শাদি বারোদ নিহত হয়েছেন। শুক্রবার ভোরে খান ইউনিসে বিমান বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন তিনি।’
আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ছিলেন শাদি বারোদ। এছাড়া এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের একাধিক ‘অপারেশনে’ সক্রিয় ভূমিকা ছিল তার।
‘হামাসের হাইকমান্ড ও ৭ অক্টোবরের হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত সব হামাস নেতাদের শেষ করতে গাজায় আমাদের বিমান বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় সীমান্ত ইরেজ ক্রসিংয়ে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে কয়েক শ প্রশিক্ষিত হামাস যোদ্ধ। ঢোকার পর সেখানে কয়েকশ বেসামরিক মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবেও ধরে নিয়ে যায় তারা।
এই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় বিমান অভিযান পরিচালনা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও চলছে। গত ২০ দিনের এই যুদ্ধে ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার।
এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, গত ২০ দিনের অভিযানে গাজায় হামাসের ২৫০টিরও বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে হামাসের ভবন, কমান্ড সেন্টার, সুড়ঙ্গ, রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র প্রভৃতি।
সূত্র : টাইমস অব ইসরায়েল, এনডিটিভি