বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সারাদেশে অনন্য গৌরব ও শীর্ষস্থান দখল করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতি সন্তান আরিফ উল করিম সিয়াম। গতকাল বুধবার এই চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। দেশসেরা এই মেধার সাফল্যে পুরো সাঘাটা উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।
আরিফ উল করিম সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁর এই অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। আইন পেশায় দেশ ও জাতির সেবা করার যে ব্রত তিনি নিয়েছিলেন, এই বিজয়ের মধ্য দিয়ে তার প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ তিনি সফলভাবে অতিক্রম করলেন।
সাংবাদিকদের বলেছেন, সিয়াম তাঁর এই সাফল্যের পেছনে পিতা-মাতা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় এবং সুনির্দিষ্ট লক্ষ্যই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। বিচার বিভাগে যোগ দিয়ে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজের মেধা ও প্রজ্ঞা সততার সাথে কাজে লাগাতে চান।
দেশজুড়ে জুডিশিয়াল সার্ভিসের এই কঠিন পরীক্ষায় প্রথম হওয়া চাট্টিখানি কথা নয়। হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে সিয়ামের এই শীর্ষস্থান অর্জন কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো উত্তরাঞ্চলের জন্য এক বিশাল গৌরবের বিষয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তাঁর এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে এই অঞ্চল থেকে আরও অনেক মেধাবী তরুণ বিচার বিভাগে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।
আরববাংলা টিভি/ডেস্ক