শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ফিলিস্তিনের পক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির জোরালো অবস্থান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো শনিবার একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বেশ কয়েকবার ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত হোক স্লোগান দেন। গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগত অধিকার এবং তাদের স্বাধীনতার পক্ষে ইন্দোনেশিয়া সবসময় দৃঢ়ভাবে পাশে রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং গাজায় চলমান মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়ে তিনি এই বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতীকী কেফিয়েহ পরে তিনি উপস্থিত সবার নজর কাড়েন এবং তার কণ্ঠে ছিল ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি গভীর আবেগ ও সংহতি। তার এই সাহসিকতাপূর্ণ ও আবেগঘন উচ্চারণ বিশ্বমঞ্চে ফিলিস্তিনের পক্ষে ইন্দোনেশিয়ার অটুট কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। ফিলিস্তিনি জনগণের ওপর চলা নিপীড়নের বিরুদ্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতা আজ বিপন্ন, আর ফিলিস্তিনের মুক্তি না হওয়া পর্যন্ত বিশ্ব শান্তি অধরা থেকে যাবে।

বিশ্লেষকরা মনে করছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের এমন জোরালো ভূমিকা মুসলিম বিশ্বের মধ্যে ফিলিস্তিন ইস্যুতে নতুন উদ্দীপনা তৈরি করবে। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনি দূতাবাসের প্রতিনিধিরা ইন্দোনেশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্বমঞ্চে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD