রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ১২:১২ pm

একদিনের ব্যবধানের আবারও শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার দেশ ফিলিপাইন। রোববার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড বলছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে রোববারের এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকা।

ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশটির সুরিগাও দেল সুর, দাভাও ওরিয়েন্টালের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সুনামি সতর্ক বাতিল করে বাসিন্দাদের বাড়িঘরে ফেরার পরামর্শ দেয় দেশটির ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস।

এর আগে, গত মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৭ নভেম্বরের ওই ভূমিকম্পে দেশটির সারাঙ্গানি, কোটাবাটো এবং দাভাও প্রদেশে অন্তত আটজনের প্রাণহানি ঘটে। এছাড়া ভূকম্পনে আহত হন আরও ১৩ জন। ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘‘রিং অব ফায়ারে’’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।

সূত্র: রয়টার্স, এপি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD