ফরিদপুর জেনারেল অর্থাৎ সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের এনফোর্সমেন্ট অভিযানে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। স্বাস্থ্যসেবা খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এই আকস্মিক অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানকালে দুদক টিম দেখতে পায় যে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে রোগীদের টিকিট বিক্রি করা হচ্ছে, যা সাধারণ মানুষের সঙ্গে এক ধরণের প্রতারণা। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগীদের অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে চলা এই অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ রোগীরা তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে গণমাধ্যমকে জানান তদারককারী কর্মকর্তারা।
হাসপাতাল সূত্রে জানা যায়, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের প্রতিটি স্তরে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনা চালানো হয়েছিল। এমনকি দীর্ঘদিন দেশ শাসনকালে ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা সরকারি হাসপাতালগুলোকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। একইভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমমাতা লোকজন বিভিন্ন সময় হাসপাতালগুলোতে সিন্ডিকেট তৈরি করে অবৈধ সুবিধা আদায় করত। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদক টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে এবং রোগীদের পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে কথা বলে নানা অভিযোগের সত্যতা পায়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন যে, এই ধরনের নিয়মিত অভিযানের মাধ্যমে স্বাস্থ্য খাতের সকল দুর্নীতি ও অনিয়ম চিরতরে দূর হবে এবং সাধারণ মানুষ নামমাত্র মূল্যে ও সহজে উন্নত চিকিৎসাসেবা লাভ করতে পারবে।
আরববাংলা টিভি