ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি ট্রাকের ওপর দ্রুতগামী কাভার্ডভ্যান উল্টে পড়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ইসমাইল নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকটির সহকারী রায়হান হোসেন গুরুতর আহত হয়েছেন। তার বয়স ২০ বছর বলে জানা গেছে।
রোববার রাতে সোনাগাঁওয়ের কাঁচপুর সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি মালবাহী ট্রাক গন্তব্যের দিকে যাচ্ছিল। কাঁচপুর এলাকায় পৌঁছানোর পর পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেল চালক। একপর্যায়ে কাভার্ডভ্যানটি সজোরে গিয়ে ওই ট্রাকটির ওপর উল্টে পড়ে। এতে ট্রাকটির কেবিনটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও সহকারী ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর উদ্ধারকর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের মধ্য থেকে চালক ইসমাইলের মৃতদেহ উদ্ধার করেন এবং আহত সহকারী রায়হানকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত রায়হানের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা গণমাধ্যমকে জানান।
এই মারাত্মক দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে নিলে দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছে।
আরববাংলা টিভি