বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

প্রেমের টানে তিন সন্তানকে নিয়ে ভারতে বাংলাদেশি তরুণী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ১০:৩১ am

প্রেমের টানে ভারতে গেলেন বাংলাদেশের এক তরুণী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন নিজের সন্তানদেরও। কিন্তু শেষমেশ মন ভেঙে গেল তার।

যে প্রেমিককে তিনি অবিবাহিত বলে জানতেন, তারই স্ত্রী চড়াও হয়েছেন তরুণীর উপর। অগত্যা প্রেমকাহিনী অসম্পূর্ণ রেখেই ফিরতে হয়েছে।

আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ভালোবাসার টানে দিলরুবা শর্মা নামে এক তরুণী নিজের সন্তানদের নিয়ে ভারতে যান। দিলরুবা শর্মা পর্যটক হিসাবে ভিসা জোগাড় করে ভারতে গিয়েছিলেন।

৩২ বছরের ওই তরুণীর স্বামী মারা যান কোভিড অতিমারির সময়। তার তিন সন্তান, যাদের বয়স ১৫, ১২ এবং ৭ বছর। বাংলাদেশে রূপচর্চাবিশেষজ্ঞ হিসাবে কাজ করেন তিনি।

দিলরুবার সঙ্গে অনলাইনে আলাপ হয় ভারতের উত্তরপ্রদেশের রোশনগড়ের বাসিন্দা আব্দুল করিমের। আব্দুল পেশায় শেফ। কর্মসূত্রে থাকেন বাহরিনে। দু’জনের মধ্যে অনলাইনে কথা হতো। ক্রমে সেখানেই ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। দু’জন দু’জনের প্রেমে পড়ে যান। দিলরুবা আব্দুলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন।

তিন সন্তানকে নিয়ে এর পর পর্যটক ভিসায় ভারতে আসেন দিলরুবা। লখনউতে দেখা করেন প্রেমিকের সঙ্গে। তার পর তাঁর সঙ্গেই যান তাঁর গ্রামের বাড়িতে। কিন্তু সেখানেই হয় বিপত্তি। প্রেমিকের যে গ্রামে সংসার রয়েছে, দিলরুবার তা জানা ছিল না।

সেখানে গেলে আব্দুলের স্ত্রী এবং অন্য গ্রামবাসীরা তাঁর উপর চড়াও হন এবং নানা প্রশ্নবাণে তাঁকে জর্জরিত করেন। গ্রাম ছাড়তে বাধ্য হন তরুণী।

অগত্যা প্রেমের স্বপ্ন ভুলে আবার দিলরুবা নিজের দেশে ফিরে গিয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, তরুণী পর্যটক হিসাবে ভারতে গিয়েছিলেন। তাঁর অনুপ্রবেশে বেআইনি কিছু ছিল না।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD