মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

পাকিস্তানে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শান্তরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৭:০২ পূর্বাহ্ণ

ছাত্র আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেকেই পরিচালকরাই আত্মগোপনে। এমন পরিস্থিতির মধ্যে দিয়েই পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছেছেন তারা। সেখানে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নাজমুল হোসেন শান্তর দল।

গতকাল সোমবার (১২ আগস্ট) হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩.৪৫ মিনিটের ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে ১৮ জনের বহর যায় সেখানে। আজ লাহোরে পৌঁছানো বাংলাদেশ দলকে টিম হোটেলে ফুল দিয়ে বরণ করে নেয় পাকিস্তান।

দেশের পরিস্থিতিতে বাংলাদেশ দলের অনুশীলন তেমন করা হয়নি, তাই লাহোরে আগেভাগে গেছেন ক্রিকেটাররা। সেখানে অনুশীলন করে ইসলামাবাদে উড়াল দেন নাজমুল হোসেন শান্তরা। ব্যাটে-বলের মূল লড়াই হবে রাওয়ালপিণ্ডিতে।

এদিকে গত রোববার সন্ধ্যায় আসন্ন পাকিস্তান সফরে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। ফিরেছেন মুশফিকুর রহিম। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। প্রায় ৫ মাস পর জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় মুশফিক।

এ ছাড়া এই সফরে তাসকিন আহমেদকে নিয়েও শঙ্কা ছিল। শঙ্কা কাটিয়ে পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন ডানহাতি পেসার। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন। শাহাদাত ছাড়া বাকি সবাই নিজের জায়গা ধরে রেখেছেন।

পাকিস্তানে পৌঁছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৬ অগাস্ট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ১৭ আগস্ট যাবে ইসলামাবাদে। সেখানেও চলবে তিন দিন অনুশীলন। ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। আর দ্বিতীয়টি মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ (শুধু দ্বিতীয় টেস্ট), সৈয়দ খালেদ আহমেদ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD