পঞ্চগড়ে চার লেন সড়কের ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও খোয়া। পাশাপাশি স্যাঁতস্যাঁতে ও পানিযুক্ত স্থানে কোনো ধরনের নিয়ম না মেনেই চলছে এই নির্মাণকাজ, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম দায়িত্বহীনতা এবং সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের উদাসীনতার কারণেই এমন নিম্নমানের কাজ করার সাহস পাচ্ছে সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে জানা যায়, গুরুত্বপূর্ণ এই চার লেন সড়ক প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন পয়েন্টে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন নির্মাণের কাজ চলছে। কিন্তু শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের ভাষ্যমতে, ড্রেনে ব্যবহারের জন্য যেসব ইট ও খোয়া আনা হয়েছে, তার বেশিরভাগই নিম্নমানের ও পোড়ামাটির দিক থেকে অত্যন্ত দুর্বল। এছাড়া স্যাঁতস্যাঁতে ও পানি জমে থাকা মাটিতে কোনো ধরনের বালু বা ইটের সুরকি বিছানো ছাড়াই সরাসরি ঢালাই ও ইটের গাঁথুনি দেওয়া হচ্ছে, যা টেকসই হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক সমাজ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে কাজের মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, যেভাবে নামমাত্র কাজ করা হচ্ছে, তাতে সামান্য বৃষ্টিতেই এই ড্রেন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। অথচ সরকারি এই মেগা প্রকল্পের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ কাজটি যেন কোনোভাবেই লুটপাটের শিকার না হয়, সেজন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি তদারকি অত্যন্ত জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক