যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তীব্র নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটির আবাসনে বসবাস শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা। শত বছরের বেশি পুরোনো এসব ঐতিহাসিক বাড়ি সাধারণ মানুষের বসবাসের এলাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অত্যন্ত কঠোর নিরাপত্তাবেষ্টিত। অতীতে সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসব আবাসে বসবাস করতেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসি ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারকরা এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।
গোয়েন্দা সূত্র ও বিভিন্ন গণমাধ্যমকে জানান, রাজধানীতে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মেরুকরণ এবং বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে হুমকির মাত্রা বেড়ে যাওয়ায় মন্ত্রিসভার সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণ বসতি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ায় প্রতিরক্ষা বিভাগের অধীনে থাকা এসব সুরক্ষিত সামরিক ঘাঁটির ভেতরে থাকা বাসভবনগুলোকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তার বেহাল দশার একটি বড় ইঙ্গিত। এর আগে বিভিন্ন সময় মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘিরে নানা নিরাপত্তা ব্যবস্থার কথা শোনা গেলেও বর্তমান প্রশাসনের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গের সরাসরি সামরিক আবাসে চলে যাওয়ার ঘটনা নজিরবিহীন। এই পরিস্থিতি ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
আরববাংলা টিভি