নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কেটে ফেলার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের তীব্র দাবি ও ক্ষোভের মুখে বিষয়টি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, একটি বক্স কালভার্টের সংযোগ সড়ক ও কাঠের সেতু নির্মাণের অজুহাতে গত নভেম্বর মাসের শুরু থেকে অদ্যাবধি সরকারি রাস্তার পাশে থাকা অন্তত ১৩টি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রভাবশালী মহলের ভয়ে এতদিন মুখ খুলতে সাহস পাননি সাধারণ মানুষ।
পরিবেশ ধ্বংস এবং সরকারি সম্পত্তি লুটের এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গাছগুলো কাটার পেছনে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশবাদীরা বলছেন, এভাবে নির্বিচারে গাছ নিধন কেবল সরকারি সম্পদের ক্ষতিই করছে না, বরং স্থানীয় জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যকেও মারাত্মকভাবে বিপন্ন করে তুলছে। রাস্তাঘাট ও সেতু নির্মাণের নামে সরকারি সম্পদ আত্মসাতের এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পৌঁছানোর পর টনক নড়েছে কতৃপক্ষের। ডিমলা উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে। স্থানীয় সাংবাদিকদের দেওয়া বক্তব্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গাছ কাটার সুনির্দিষ্ট অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দ্রুতই এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ভুক্তভোগী ও এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে।
আরববাংলা টিভি