দীর্ঘ অপেক্ষা এবং দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখতে চলেছে বাংলাদেশ-ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজটি। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল। এই দ্বিপক্ষীয় সিরিজে মোট ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা রয়েছে।
এর আগে বিভিন্ন কারণে সিরিজটি দুই দফা পেছাতে বাধ্য হয়েছিল। তবে উভয় দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সূচি চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষের পথে। আগামী জানুয়ারি মাসেই এই সিরিজ আয়োজনের বিষয়ে জোরেশোরে প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই সিরিজটি নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দেশের দর্শকরা ঘরের মাঠে বিশ্বমানের একটি দলের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ উপভোগ করার অপেক্ষায় আছেন। বিসিবির পক্ষ থেকেও সিরিজটি সফলভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক