রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ছুটির দিনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:০৯ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল দিবাগত রাত ২টায় কাঁচপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে সড়ক দুর্ঘটনার পর থেকেই সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে বন্দরের মদনপুর অংশে সাড়ে ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সকাল ১০টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বর্তমানে শিমরাইল মোড়ে তীব্র যানজট না থাকলেও কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত গাড়ির অনেক চাপ রয়েছে। এর ফলে এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিনে গিয়ে তীব্র যানজটের চিত্র লক্ষ্য করা যায়।

আলমগীর নামের এক যাত্রী বলেন, হাসপাতালে রোগী দেখতে কুমিল্লার উদ্দেশ্যে সকালে বের হয়েছিলাম। কিন্তু যানজটের কারণে শিমরাইল মোড় থেকে অনেক কষ্টে কাঁচপুর পৌঁছালেও এখন আর সামনে যেতে পারছি না। যানজট কখন শেষ হবে জানি না।

আল আমিন নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামে যাব বলে বের হয়েছিলাম। কিন্তু এখনো মদনপুরের জ্যামে আটকে আছি। এর আগে অনেক কষ্টে শিমরাইল থেকে এখানে আসি। বাকি পথ স্বাচ্ছন্দ্যে যেতে পারলেই খুশি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, গতকাল রাতে একটি সড়ক দুর্ঘটনার পর এই যানজটের সৃষ্টি হয়। তবে রাত থেকেই আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। বর্তমানে শিমরাইল মোড়ে তেমন যানজট নেই। কাঁচপুরের দিকে গাড়ির কিছুটা চাপ রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এখনও গাড়ির বাড়তি চাপ রয়েছে, থেমে থেমে গাড়ি চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD