শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

‘চাটুকার’ শিল্পীদের বর্জন করলেন ন্যান্সি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দেশজুড়ে চলমান উদ্ভুত পরিস্থিতিতে ‘চাটুকার’ শিল্পীদের বর্জনের ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিভিন্ন সময় ক্ষমতার সুবিধা ভোগ করা সেই শিক্ষার্থীদের ‘ধান্দাবাজ’ উল্লেখ করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। যদিও সেই শিল্পীদের নাম উল্লেখ করেননি এই কণ্ঠশিল্পী।

ন্যান্সি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘প্ৰিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে? ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সাথে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপদ সীমার বাইরে রেখেছেন কিন্ত চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি! ভবিষ্যতে যার সাথে ছবি দিলে, গুন বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন, সে ফন্দি ফিকির করছেন- ধিক্কার আপনাদের।’

‘বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই তাতে আমি অখুশি নই। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি।’

এ সকল শিল্পীদের সঙ্গে নিজের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে ন্যান্সি লেখেন, ‘আপনাদের সাথে কাজের সূত্রে যে সম্পর্ক ছিলো সেটা আমি ছিন্ন করলাম, আপনাদের বর্জন করলাম। জানি, তাতে আপনাদের কিছু আসে যায় না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার ওতেই চলবে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD