মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-দেবীপুর সড়কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে দুটি পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বামন্দী-দেবীপুর সড়কের একটি কালভার্টের নিকট এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যানচালকরা সাংবাদিকদের জানান, ভোরে নিয়মিত যাতায়াতের সময় একদল ছিনতাইকারী অতর্কিতভাবে তাদের পথরোধ করে। পরে ধারালো দেশীয় অস্ত্র ও হাসুয়ার মুখে তাদের জিম্মি করে জোরপূর্বক রাস্তার পাশের গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এই সুযোগে ছিনতাইকারী চক্রটি দুটি পাখিভ্যান এবং চালকদের নিকট থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া ভ্যানগুলো উদ্ধার করতে জোরেশোরে অভিযান শুরু হয়েছে। এই ধরনের আকস্মিক অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক