গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের মৌলিক অধিকার ও ন্যায়সংগত দাবি আদায়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন সর্বাত্মকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে বিভিন্ন সময় দেশের মানুষের ওপর জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি চালু হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের এই সংকটময় মুহূর্তে কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অন্যান্য অঙ্গসংগঠন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তিনি সতর্ক করেন।
তিনি দেশবাসীকে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান এবং জনগণের অধিকার আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের প্রকৃত রায় এবং গণভোটের মর্যাদা রক্ষা না করলে জনগণ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আরববাংলা টিভি/ডেস্ক