মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

কোহলিও সাজঘরে, হাসান মাহমুদের তোপে কাঁপছে ভারত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ৫:২৫ পূর্বাহ্ণ

চেন্নাই টেস্টে বল হাতে রীতিমত আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। একের পর এক ভারতীয় ব্যাটারদের সাজঘরে ফেরত পাঠাচ্ছেন টাইগার এই পেসার। পাকিস্তান সিরিজের ফর্মই যেন ভারতে টেনে এনেছেন তিনি।

চেন্নাই টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন দিনে শুরুটা বেশ ভালো করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমত ঘাম ঝরছে ভারতের। প্রথম ৪ ওভারে তারা নিতে পারে মোটে ৮ রান।

এর মধ্যে উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারি সরাসরি প্যাডে আঘাত করে রোহিত শর্মার। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

ক্লোজ কল হওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায়, বল স্টাম্পের ওপরের দিকে বল ছুঁয়ে যেতো। কিন্তু আম্পায়ার্স কল হওয়ায় সৌভাগ্যক্রমে বেঁচে যান রোহিত শর্মা। আম্পায়ার আউট দিলে সেটি আউট হতো।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোহিত। হাসান মাহমুদ তার পরের ওভারেই তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ককে। তার সুইংয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন রোহিত। ১৯ বলে করেন ৬ রান।

এরপর শুভমান গিলকেও শূন্য রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ। তার লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ হন গিল।

ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিও দাঁড়াতে পারেননি হাসানের সামনে। দুর্দান্ত আউটসুইংয়ে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬ রান করেই। ৩৪ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD