ভারতের কেরালার ১৪ বছর বয়সী এক প্রতিভাবান কিশোরী ঘরের কাপড় ধোয়ার সময় নিত্যদিনের দুর্ভোগ এবং বিদ্যুৎ সংকটের স্থায়ী সমস্যা সমাধানে তৈরি করেছে এক অভিনব ওয়াশিং মেশিন। সাইকেলের অব্যবহৃত প্যাডেল ও চেইন ব্যবহার করে তৈরি এই পরিবেশবান্ধব মেশিন চালাতে বিন্দুমাত্র বিদ্যুতের প্রয়োজন হয় না। আধুনিক প্রযুক্তির যুগে যখন মানুষ বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, তখন এই কিশোরীর এমন আবিষ্কার গ্রামীণ জনপদে আশার আলো দেখিয়েছে। এই বিশেষ যন্ত্রটি তৈরি করতে তার খরচ হয়েছে মাত্র প্রায় ২ হাজার ভারতীয় রুপি, যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে।
কিশোরীটির নাম রেম্যা জোসে। কেরালার কুঠির শিল্প ও সাধারণ পরিবারের এই মেয়ের উদ্ভাবনী ক্ষমতা ইতিমধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংস কুড়িয়েছে। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে রেম্যা জোসে জানান, প্রতিদিন মায়ের কষ্ট দেখে এবং বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কাপড় ধোয়া বন্ধ থাকার বিড়ম্বনা থেকেই তার মাথায় এই অভিনব যন্ত্র তৈরির আইডিয়া আসে। সাইকেলের মেকানিজমকে কাজে লাগিয়ে সে এমন এক ড্রাম তৈরি করেছে যেখানে সাবান পানিতে কাপড় দিয়ে প্যাডেল করলেই খুব সহজেই কাপড় পরিষ্কার হয়ে যায়।
বিশ্লেষকদের মতে, রেম্যার এই আবিষ্কার কেবল তার নিজের পরিবারই নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রায়শই বিদ্যুৎ থাকে না, সেখানকার লাখ লাখ গৃহিণীর জীবনযাত্রাকে সহজ করে তুলতে পারে। কম খরচে এবং বিকল্প জ্বালানি বা শক্তির উৎস ব্যবহার করে কীভাবে বড় সমস্যার সমাধান করা সম্ভব, রেম্যা জোসে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে তার এই উদ্ভাবনকে আরও উন্নত করে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বিভিন্ন মহল থেকে সহায়তার আশ্বাস দেওয়া হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক