কালীগঞ্জে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের উস্কানিতে ইউএনওসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর দলীয় পদ থেকে পাঁচ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। ১৫ জনের নামে মামলা দায়ের হলেও মাত্র ৫ জনকে বহিষ্কার করেছে দল।
সোমবার (২ অক্টোবর) মধ্যরাতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অশোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, সহসভাপতি আ. হেকিম মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির এবং ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুপরে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ ময়েজউদ্দিনের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নেওয়ার উদ্দেশ্যে শত-শত নেতা-কর্মী নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয় চেয়ারম্যান আলমগীর হোসেন। একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে গাড়ি রাখা নিয়ে ইউএনও এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চেয়ারম্যানসহ তার নেতাকর্মীরা। সে সময় চেয়ারম্যানের উস্কানিতে ইউএনও’সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং উপজেলা পরিষদের ভবনে ভাঙচুর করে দলীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রধান করে দুই ইউপি সদস্যসহ দলীয় ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞতা আরো ২৫ জনকে আসামি করে গত শনিবার দিবাগত রাত ২টা ১০মিনিটে আনসার সদস্য এনায়েতুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান জানান, এঘটনায় দায়ের করা মামলার আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।