রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে আবারও ডুবে গেছে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের বিখ্যাত ঝুলন্ত সেতুটি। শুক্রবার থেকে সেতুটিতে পানি ওঠা শুরু হয় এবং বর্তমানে সেতুটির কাঠের পাটাতন প্রায় ৪ ইঞ্চি পানির নিচে তলিয়ে গেছে। ফলে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে এখনো অনেক পর্যটক সেতু এলাকায় সেলফি তুলছেন বলে জানা গেছে।

স্থানীয় পর্যটন কতৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর বর্ষা মৌসুমে বা কাপ্তাই হ্রদে পানি বাড়লে এই ঝুলন্ত সেতুটি ডুবে যায়। এটি রাঙামাটির পর্যটন শিল্পের জন্য একটি বড় ধাক্কা, কারণ ঝুলন্ত সেতু দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত পর্যটক এখানে আসেন। সেতু ডুবে যাওয়ার কারণে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পর্যটন করপোরেশনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও কিছু উৎসাহী পর্যটক নিয়মের তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণভাবে সেলফি তোলার চেষ্টা করছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, হ্রদের পানি পুরোপুরি না কমা পর্যন্ত সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব নয়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ আশা করছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবং পানি কমলে দ্রুতই সেতুটি আবারও পর্যটকদের চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD