যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট আদালত সূত্র। বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইনকাণ্ড এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন প্রকাশনা ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে এই আইনি লড়াইয়ের সূচনা হয়েছিল। আলোচিত এই মামলাটি খারিজ হয়ে যাওয়ায় আইনি মাঠে বড় ধরণের ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক পর্যালোচনার পর এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। বিচারক উল্লেখ করেন যে, মামলার যেসব ভিত্তি বা তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা আইনগতভাবে মানহানির অভিযোগ টেকসই করার জন্য পর্যাপ্ত নয়।
বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতি এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপস্টেইন কেলেঙ্কারির মতো স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশ এবং এর আইনি পরিণতি নিয়ে ট্রাম্পের এই আইনি পদক্ষেপ শুরু থেকেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মামলার খারিজ হওয়ার মধ্য দিয়ে আপাতত এই আইনি অধ্যায়ের ইতি ঘটলো, যা ট্রাম্পের রাজনৈতিক ও আইনি কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক