দিন দিন কমছে কৃষিজমির পরিমাণ। অন্যদিকে বাড়ছে খাদ্য উৎপাদনের চাহিদা। এমন পরিস্থিতিতে অল্প জমিতে বেশি ফসল উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের এ কৌশল কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, আধুনিক এই কৃষি পদ্ধতি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা এখন ঐতিহ্যগত চাষাবাদ পদ্ধতি থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক উপায়ে একই জমিতে একাধিক ফসল ফলানোর দিকে মনযোগ দিচ্ছেন। এতে একদিকে যেমন জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচ কমিয়ে দ্বিগুণ লাভ ঘরে তুলছেন কৃষকরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিম চাষের মাচার নিচে ছায়াযুক্ত জায়গায় সফলভাবে আদার চাষ করা হচ্ছে। এই দ্বৈত ফসল চাষ পদ্ধতি স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষি বিভাগ থেকেও এই কাজে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে দেশের অন্যান্য অঞ্চলেও এই পদ্ধতি ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
আরববাংলা টিভি