জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও তীব্র আবাসনসংকটের প্রতিবাদে ইউরোপের চার দেশ ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগাল উত্তাল হয়ে উঠেছে। গত শনিবার এসব দেশের রাজপথে নেমে আসেন লাখো সাধারণ মানুষ। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী হওয়ার কারণে ইউরোপজুড়ে এই অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
বিক্ষোভকে কেন্দ্র করে ফ্রান্সে তীব্র সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। দেশটিতে পাঁচ লাখ ৫০ হাজারের বেশি মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের দাবি, বর্তমান অর্থনৈতিক সংকটে সরকারগুলো যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ইউরোপের অন্যান্য দেশেও এই ধরনের জনরোষ ছড়িয়ে পড়তে পারে। শ্রমিক অধিকার রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক