রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা স্বাধীনতায় আঘাত: মুহিউদ্দীন রব্বানী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা ও গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারের তীব্র নিন্দা জানিয়ে একে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সংবাদমাধ্যমের ওপর নানা ধরনের দমনপীড়ন চালানো হয়েছিল, যা দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এসেও যদি গণমাধ্যমের টুঁটি চেপে ধরার অপচেষ্টা অব্যাহত থাকে, তবে তা অত্যন্ত উদ্বেগের বিষয়।

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রব্বানী আরও বলেন, সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণ। তাই কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য সংবাদপত্রের ওপর হামলা বা পত্রিকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। একই সাথে দেশের সব গণমাধ্যমকর্মী যাতে স্বাধীনভাবে ও নির্ভয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট মহলের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এই ধর্মীয় নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD