চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের চাকসু নির্বাচিত স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল আফনান হাসান ইমরানকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দলটির স্থানীয় দায়িত্বশীল নেতারা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফনান হাসান ইমরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মর্মে একটি তথ্য ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। গণমাধ্যমকে জানান, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আফনান হাসান ইমরান অত্যন্ত নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে আনীত বহিষ্কারের যেকোনো সিদ্ধান্ত বা প্রচারণার সাথে দলের দূরতম কোনো সম্পর্ক নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং কল্যাণমূলক কাজে আফনান শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই ধরনের বিভ্রান্তিকর গুজব ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দলের পক্ষ থেকে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী ভাইবোনদের এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্যও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক