সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় ধরে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে আজ রাতে দেশে প্রত্যাবর্তন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ প্রবাস জীবন ও চিকিৎসা শেষে তার এই স্বদেশ প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তার এই আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য দলের পক্ষ থেকে নানামুখী প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার স্বনামধন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মির্জা আব্বাস। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে তিনি ধাপে ধাপে সুস্থ হয়ে ওঠেন। প্রবাসে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তিনি দলের বিভিন্ন নীত নির্ধারণী বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেছিলেন।
দেশে ফেরার পর তিনি পুনরায় রাজনৈতিক ও রাষ্ট্রীয় কার্যক্রমে পূর্ণাঙ্গভাবে সক্রিয় হবেন বলে আশা প্রকাশ করছেন তার অনুসারী ও দলীয় সহকর্মীরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই উপস্থিতি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
ডেস্ক রিপোর্ট