বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ণ

ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ কার্যকর করা হয় এবং একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত রবিবার ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় প্রশাসনের নিয়মিত অভিযের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ওই নেতার কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মানহীন যৌন উত্তেজক ওষুধ, ক্ষতিকর আয়ুর্বেদিক উপাদান এবং বিক্রির জন্য সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাৎক্ষণিকভাবে অপরাধ আমলে নিয়ে তাকে এই সাজা দেন।

ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা জানান, দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব অবৈধ ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জানানো হয়েছে, দলের কোনো নেতাকর্মী ব্যক্তিগতভাবে বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকলে তার দায় দল নেবে না এবং আইনগত প্রক্রিয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD