মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় দেশটির নৌবাহিনীর একাধিক ইউনিট ১৬ জন অভিবাসীকে আটক করেছে। সোমবার আটক ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। বাকীরা ইন্দোনেশিয়ার। মানবপাচারকারী চক্রের লোভনীয় আশ্বাসে পড়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের বিপজ্জনক পথ বেছে নিচ্ছেন, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
আটক ব্যক্তিরা দুটি ইঞ্জিনযুক্ত একটি স্পিডবোটে করে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন বলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে জানান। সাগরপথে মানবপাচার রোধে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবেই নিয়মিত টহলের সময় সন্দেহভাজন এই স্পিডবোটটিকে আটক করা হয়।
উদ্ধারকৃত বাংলাদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং স্থানীয় অভিবাসন দপ্তরের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ধরনের অবৈধ অভিবাসন প্রতিরোধে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক