বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ৮:৩৫ am

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করবে সাকিব আল হাসানের দল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

আগের ম্যাচের দল থেকে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, নিউজিল্যান্ড শিবিরেও আছে এক পরিবর্তন। বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে দীর্ঘদিন পর চোট থেকে ফেরা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। আগের ম্যাচে ৭০ রানের ইনিংস খেলেছিলেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় বাদ পড়েছেন তিনি। আজ ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।

আফগানিস্তাানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল সাকিব বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বর্তমান রানার্স-আপ নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮২ বল বাকি রেখে ২৮৩ রানের টার্গেট স্পর্শ করে ৯ উইকেটের জয় পায় কিউইরা। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হলেও নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD