বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জামায়াত আগেও দুইবার নিষিদ্ধ হয়েছিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নিষিদ্ধ জামায়াত-শিবিরকে খুনি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছে এবং রাজনীতি করার সুযোগ দিয়েছে। জামায়াত ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এর আগে দুইবার নিষিদ্ধ হয়েছিল। স্বাধীনতার আগে পাকিস্তানি সরকার তাদের নিষিদ্ধ করেছিল। এখন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-৮ আসনের অন্তর্গত এলাকায় আগামী ১৫ আগস্টে দোয়া, মিলাদ মাহফিল ও সমন্বিত কার্যক্রম নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ নেতাকর্মী, সংশ্লিষ্ট নয়টি ওয়ার্ড কাউন্সিলর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক সমন্বয় বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, জামায়াত-শিবিরের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ আমাদের করা লাগতে পারে। এরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। এরা আমাদের শিক্ষিত মা-বোনদের তালেবানি কায়দায় ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে চায়। নারী-পুরুষ সবার মর্যাদা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা আর কিছু হারাতে চাই না। আমরা আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিএনপি-জামায়াত-শিবির নানা কর্মকাণ্ড করেছে। আমাদের শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সব ভুল ভ্রান্তি দূর করতে হবে। আমরা আর কোনো মৃত্যু চাই না।

তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা মানবতার মা। তিনি বাংলাদেশের মানুষের সবচাইতে জনপ্রিয় নেতা। মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার করে দাগ লাগানোর চেষ্টা করেছে। এ বিষয়টি আমাদের দূর করতে হবে। যাদের কারণে এতগুলো জীবনহানি হয়েছে, তাদের চিহ্নিত করতে হবে।

ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনোই কোনো ষড়যন্ত্র করে না। সন্ত্রাসীদের নেতা তারেক রহমান, জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠীর নির্দেশে একটি গোষ্ঠী দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের আগামীতে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, ডাক্তার দিলীপ রায়, উপদেষ্টামণ্ডলীর সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাইনুদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ ঢাকা ৮ আসনের অন্তর্গত ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ নেতাকর্মী, সংশ্লিষ্ট নয়টি ওয়ার্ড কাউন্সিলর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD