বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

‘প্রাণিসম্পদ অফিসে আগুনের ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চালানো তাণ্ডবে সাভার ও রংপুরের মৎস্য ও প্রাণিসম্পদ অফিসে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গত কয়েক দিনের সহিংসতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের সাভারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যে অফিস ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে। ভবন ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, কর্মকর্তা কর্মচারীদের মারধর করা হয়েছে। মোট কথা সেখানে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। অসহায়ের মতো আমাদের কর্মকর্তা কর্মচারীরা আর্তনাদ করছিলেন সেটাকে পাত্তা না দিয়ে আমাদের অফিস পুড়িয়ে দিয়েছে তারা। ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে শিগগিরই জানতে পারব।

মন্ত্রী বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করতে কেউ সাহস না পায়। আগুনের ঘটনায় এরই মধ্যে রংপুর ও সাভারে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD