বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

সারাদেশে কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিতে এসে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়েন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অন্যন্যা নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিতে আসেন। এ সময় শিক্ষার্থীদের বিশাল মিছিল থেকে তাদের ধাওয়া করলে স্টেশন বাজার দিয়ে পালিয়ে যান তারা।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে আন্দোলনকারীদের একাংশ ছাত্রলীগ নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন এবং হলে ভাঙচুর চালান।

এদিকে বঙ্গবন্ধু হলের সামনে পুলিশ অবস্থান নিলে পুলিশি পাহারায় তাদের গাড়িতে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ কয়েকজন নেতাকর্মী।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, আমরা এমনটা কখনোই আশা করিনি। আমরা সব পক্ষের সাথে কথা বলেছিলাম। সাধারণ শিক্ষার্থীরা কোটা নিয়ে আজ বিকাল ৩টায় আন্দোলন করার কথা ছিল কিন্তু বঙ্গবন্ধু হলে অগ্নিসংযোগের বিষয়টি কখনোই আশা করিনি। আমরা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD