মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

এনবিআরের সেই ফয়সালকে বগুড়ায় বদলি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ

দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে।

রোববার (৩০ জুন) বিকেলে এই আদেশ জারি করেছে এনবিআর। এতে বলা হয়েছে, কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেয়া হলো।

এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বছর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পায়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্যও পাওয়া যায়।

নিজের পাশাপাশি এসব সম্পদ ফয়সালের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, ভাইসহ আত্মীয়স্বজনের নামে দেখানো হয়েছে। তার সম্পদের বিবরণী বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার আদালতের কাছে তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা-নারায়ণগঞ্জে পাঁচ কাঠার দুটি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে ১০ কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD