শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

হাতিরপুলে অফিস কক্ষ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪ ৫:১০ am

রাজধানীর হাতিরপুলের নাহার প্লাজার ৯ তলা ভবনের একটি কক্ষ থেকে সেজানুর রহমান আনাস (২৩) নামে নিখোঁজ এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) সি আর দত্ত রোডের ওই ভবন থেকে বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোনায়েম।

তিনি জানান, খবর পেয়ে নাহার প্লাজার ৯ তলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ওই যুবক ফ্যানের হুকের সঙ্গে স্টিলের তার দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

তিনি আরও জানান, মৃত ওই যুবক ভবনের ৯ তলায় ঢাকা লিফট ইঞ্জিনিয়ারিং কোম্পানির অফিসে চাকরি করতেন। ঈদের আগে থেকেই এই অফিসটি বন্ধ ছিল।

আব্দুল মোনায়েম জানান, ওই অফিসের মালিকের সাথে কথা বলে জানতে পারি, গত ২৫ জুন থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। শুক্রবার দুপুরে কোম্পানির মালিক পারভেজ বাবু অফিসে গিয়ে ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কির পর দরজা খুলে যায়। তখন ওই যুবককে অফিসের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চারদিন আগে আনাস অফিসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

আব্দুল মোনায়েম আরও জানান, সাত মাস আগে একই এলাকায় বিয়ে করেন আনাস। কিন্তু বাসা ছোট হওয়ায় স্ত্রীকে বাসায় তুলতে পারছিলেন না। এসব বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করেন তিনি। মঙ্গলবার (২৫ জুন) রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে যান আনাস। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ ছিল।

মৃত আনাসের মামা জাহাঙ্গীর হোসেন জানান, আনাস শরীয়তপুরের গোসাইরহাট থানা এলাকার মো. জালাল মুন্সির ছেলে ছিল। যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিমপাড়া দরবার শরীফ রোডে থাকতেন তিনি। আনাস ঢাকা লিফট ইঞ্জিনিয়ারিং কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকুরি করত।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD