মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কনস্টেবল মনিরুল হত্যা : রিমান্ড শেষে কারাগারে কাউসার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ঘাতক কনস্টেবল কাউসার আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৫ জুন) সাত দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৯ জুন কাউছারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই কনস্টেবল মাহাবুবুল হক ৯ জুন গুলশান থানায় মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মনিরুল হক (২৭) ৮ জুন থেকে কনস্টেবল কাউছার আলীর সঙ্গে গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সশস্ত্র অবস্থায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তামূলক ডিউটিতে নিয়োজিত ছিল। ডিউটি করার সময়ে রাত পৌনে ১২টার দিকে কাউছার আলীর সঙ্গে ডিউটি করা নিয়ে মনিরুলের বাকবিতণ্ডা হয়। বিতণ্ডার একপর্যায়ে কাউছার আলী উত্তেজিত হয়ে মনিরুলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তার গুলিতে মনিরুল ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে উপুড় হয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD